কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনকারীদের প্রতিহত করতে এবং এ বিষয়ে অবিলম্বে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে একটি প্রভাবশালী বালুখেকো চক্র। বিশেষ করে ঈদগাঁও-ঈদগড় সড়ক, ইসলামাবাদ গজালিয়া সড়ক এবং ইসলামাবাদ রাবার ড্যাম এলাকায় প্রশাসনের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে অবাধে চলছে বালু উত্তোলনের মহোৎসব, যার ফলে হুমকির মুখে পড়েছে স্থানীয় গ্রামীণ অবকাঠামো ও জনবসতি।
এমপি লুৎফুর রহমান কাজল বলেন, অবৈধ বালু উত্তোলনের কোনো ঘটনা নজরে এলেই তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। কেবল প্রশাসনিক নজরদারি বা আইন প্রয়োগ নয়, অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রাকৃতিক সম্পদ রক্ষায় এলাকার সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে এই অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই সংসদ সদস্য।
কালের সমাজ/কে.পি

