শারদীয় দুর্গাপূজা ঘিরে কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই জেলায় মোট ৩৫৭টি পূজামণ্ডপের মধ্যে কক্সবাজারে ৩২৪টি ও বান্দরবানে ৩৩টি। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপসহ সব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে এসআরবি-১৫।
নিরাপত্তার অংশ হিসেবে নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোলিং ও সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে অনলাইন মনিটরিং এবং নারী দর্শনার্থীদের হয়রানি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসআরবি-১৫ জানায়, পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি অব্যাহত থাকবে। কোনো স্থানে সন্দেহজনক কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত এসআরবি-১৫-কে তথ্য দেওয়ার আহ্বান জানানান।
কালের সমাজ/কে.পি

