ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। অর্থের বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও করেছে দলটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে দুর্নীতি এবং বিভিন্নস্থানে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।
লিখিত বক্তব্যে আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে। যোগ্যতা ও নিয়মনীতি উপেক্ষা করে প্রভাব খাটিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া অর্থের বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজন সার ডিলারের নাম উল্লেখ করে এসব নিয়োগের প্রক্রিয়া তদন্তের দাবি জানান জামায়াতের এই নেতা। তার অভিযোগ, এ ধরনের অনিয়মের কারণে কৃষি উপকরণ বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।
এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগও তুলে ধরেন তিনি। তার দাবি, বদলি প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগের অনিয়ম, শিক্ষক বদলিতে দুর্নীতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানানো হয়।

