ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ১৫, ২০২৬, ০৬:২৫ পিএম চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু

বাংলাদেশে কার্যরত চীনা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বিত ব্যাংকিং সেবা দেওয়ার উদ্দেশ্যে এনসিসি ব্যাংক পিএলসি ‘এনসিসি চায়না কানেক্ট’ নামে একটি বিশেষায়িত চায়না ডেস্ক চালু করেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ঢাকার রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) আয়োজিত এবং এনসিসি ব্যাংক এর সহযোগিতায় অনুষ্ঠিত ‘চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠানে চায়না ডেস্কটি উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কেটে আনুষ্ঠানিকভাবে চায়না ডেস্কের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন। অনুষ্ঠানে বিসিসিসিআইয়ের সদস্যবৃন্দ, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম, ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, মোঃ জাকির আনাম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশে চীনা ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ-চীন সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এনসিসি ব্যাংকের চায়না ডেস্কের মতো উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম সহজতর করার পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।

বিশেষ অতিথি ড. লিউ ইউয়িন বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত ব্যাংকিং প্ল্যাটফর্ম চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ডেস্ক দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সালিম বলেন, চায়না ডেস্ক চালুর মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ব্যাংকের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ‘এনসিসি চায়না কানেক্ট’ দুই দেশের মধ্যে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ‘এনসিসি চায়না কানেক্ট’-এর মাধ্যমে আমরা চীনা ব্যবসাপ্রতিষ্ঠানকে সমন্বিত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা দিতে চাই, যা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। আমাদের মাল্টিন্যাশনাল করপোরেট ব্যাংকিং বিভাগের অধীনে পরিচালিত এই ডেস্ক চীনা উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ম্যান্ডারিন ভাষায় সহায়তার পাশাপাশি ট্রেড ফাইন্যান্স, ওয়ার্কিং ক্যাপিটাল, প্রকল্প অর্থায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, ব্যাংক গ্যারান্টি, ক্যাশ ম্যানেজমেন্ট ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। চীনের ৩০টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক এবং বিশ্বব্যাপী প্রায় ৪০০টি করেসপন্ডেন্ট ব্যাংকের নেটওয়ার্ক কাজে লাগিয়ে আমরা চীনের সাথে ক্রসবর্ডার বৈদেশিক বাণিজ্য লেনদেন নিষ্পত্তি সহজতর ও দ্রুত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়াও আমরা চীনা মুদ্রা রেনমিনবি (আরএমবি)- তে চাইনিজ ট্রেড ট্রানজাকশনস সেটেলমেন্ট এর বিষয় সুযোগ তৈরি করার বিষয়েও কাজ করছি।”

কালের সমাজ/কে.পি
                                     

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!