বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি পরিত্যক্ত বস্তা থেকে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে আদর্শগ্রাম চেকপোস্টের নিকটবর্তী স্টিল ব্রিজের নিচে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লেবুভর্তি দুটি বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে রাখা মোট ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১১ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত এসব ইয়াবার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা।
উদ্ধার করা ইয়াবাগুলো সংক্রান্ত আইনি কার্যক্রম সম্পন্ন করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

