ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরদীতে জনসচেতনতা বাড়াতে মাইকিং ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | অক্টোবর ১৫, ২০২৬, ০৮:০৩ পিএম ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরদীতে জনসচেতনতা বাড়াতে মাইকিং ও  পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র প্রার্থী ও সর্বশেষ বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী মো. রফিকুল ইসলাম নয়ন।

তিনি বলেন, সপ্তাহে অন্তত এক দিন সবাই নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে এবং প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে ঈশ্বরদী শহর অপরিচ্ছন্ন থাকবে না।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে ঈশ্বরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের বি়ভিন্ন পাড়া-মহল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাইকিং ও পরিচ্ছন্ন  অভিযান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে রফিকুল ইসলাম নয়ন  বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের প্রথম দিন থেকেই পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে। তবে লাগানো চারাগুলোর যথাযথ পরিচর্যা না করলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়িত হবে না।

তিনি আরও বলেন, যাদের বাসাবাড়িতে ছাদবাগান রয়েছে, তারা যেন খেয়াল রাখেন, কোথাও যাতে তিন দিন পর্যন্ত পানি জমে না থাকে। ডেঙ্গুতে ইতোমধ্যে অনেক প্রাণ ঝরে গেছে। আমরা আর কাউকে হারাতে চাই না।

উদ্বোধনী অনুষ্ঠানে জনসচেতনতা  বাড়াতে মাইকিং ও মশক নিধনে কীটনাশক স্প্রে দিয়ে এলাকার অলিগলি, ড্রেন এবং রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন  সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আয়নুল ইসলাম, ঈশ্বরদী পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মুকুল, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সম্রাট হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালের সমাজ/কে.পি

Link copied!