ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৫, ২০২৬, ০৪:৪৪ পিএম ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প (e-JSP)’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যের ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সার্বিক নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়। নয়জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত কমিটির সভাপতি করা হয়েছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সংসদ সদস্য এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিনজ।

নবগঠিত এই কমিটির সচিব হিসেবে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।

নতুন এই কমিটির মূল কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে-ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট’ শীর্ষক আধুনিকায়নের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়া। এর পাশাপাশি দেশে আধুনিক ও প্রযুক্তি নির্ভর ই-পার্লামেন্ট গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় যাবতীয় বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে এই কমিটিকে।

এছাড়া ই-পার্লামেন্ট প্রকল্পের কাজ সুষ্ঠু ও মসৃণভাবে এগিয়ে নেওয়ার স্বার্থে কমিটি চাইলে প্রয়োজন অনুসারে পরে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
কালের সমাজ/কে.পি

Link copied!