ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

উখিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১

জেলা প্রতিনিধি, কক্সবাজার | অক্টোবর ১৫, ২০২৬, ০৯:৫৩ পিএম উখিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১

কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উখিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে নিয়মিত মামলার একজন, জিআর পরোয়ানাভুক্ত দুজন, সিআর পরোয়ানাভুক্ত সাতজন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়ার মকবুল আহমেদের ছেলে আলমগীর (৩৮), জিআর পরোয়ানাভুক্ত রাজাপালং ইউনিয়নের পিএমপাড়ার প্রদীপ বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া ওরফে জোবেল ও পালংখালী ইউনিয়নের মাইজারবিল-তেলখোলা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে শাহ আলম।
এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামিরা হলেন পালংখালী ইউনিয়নের পশ্চিম দরিরবিল এলাকার আবদুর শুকুরের ছেলে কামাল হোসেন, গিলাতলাপাড়ার মৃত আঙুল হামাদের ছেলে কামাল হোসেন, ইনানীর চেপটখালী এলাকার মুকিদুল আলমের ছেলে মফিদুল আলম, পালংখালী ইউনিয়নের তেলখোলা-বটতলী এলাকার শফিকুর রহমানের ছেলে ওসমান গনি, রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে আজিজুর রহমান, হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মিয়াজানের ছেলে মাহবুবুল আলম ওরফে ঘোরা কসাই মাবু এবং চেপটখালী এলাকার আবদুল্লাহর ছেলে জহুর আহমেদ।
এদিকে সিআর সাজা পরোয়ানাভুক্ত গ্রেপ্তার হওয়া আবদুর রহিম রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং মাতবরপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে। তাঁর বিরুদ্ধে আদালতের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।
অভিযানের বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং পরোয়ানাভুক্ত পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে উখিয়া থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

Link copied!