ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাইশারীতে মাদক ও অপরাধবিরোধী গণজাগরণ, একযোগে কাজ করছে পুলিশ ও ইউনিয়ন পরিষদ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | অক্টোবর ১৪, ২০২৬, ০৯:০২ পিএম বাইশারীতে মাদক ও অপরাধবিরোধী  গণজাগরণ, একযোগে কাজ  করছে পুলিশ ও ইউনিয়ন পরিষদ

পরিবার করি মাদকমুক্ত, সমাজ ও রাষ্ট্র হবে সন্ত্রাসমুক্ত’—এ স্লোগানকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং ও বিভিন্ন অপরাধ দমনে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ও বাইশারী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা, বাজার, স্কুল, কলেজ ও মাদ্রাসায় ধারাবাহিকভাবে মতবিনিময় পথসভা ও উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হলদ্যাশিয়া, ৬ নম্বর ওয়ার্ডের করলিয়ামুরা এবং ৯ নম্বর ওয়ার্ডের তুফান আলী পাড়াসহ বিভিন্ন এলাকায় এসব সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজারে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।  

পথসভাগুলোতে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব, কিশোর অপরাধ, ইভটিজিং এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে পুলিশি তল্লাশিও জোরদার করা হয়েছে। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মনজুরুল আহসান বলেন, মাদক ও অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। এসবের কারণে পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয় বাড়তে পারে এবং বিভিন্ন অপরাধের ঝুঁকি তৈরি হয়। তিনি আরও বলেন, শুধু পুলিশের পক্ষে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। 

এ জন্য অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জসিম, যুবদলের সভাপতি নূর মোহাম্মদ পতন এবং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল আলম রুবেলসহ অন্যরা। বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কালাম বলেন, বাইশারীকে একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ ও কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 

এদিকে, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিরা। তাঁদের মতে, মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ ও সম্মিলিত উদ্যোগ। সামাজিক গণজাগরণ গড়ে তোলার আহ্বান সচেতনতামূলক এসব সভায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁরা মনে করেন, তরুণ ও কিশোরদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক, অনলাইন জুয়া ও অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করতে হবে।
 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুলিশ, ইউনিয়ন পরিষদ, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাইশারী ইউনিয়নে অপরাধপ্রবণতা কমবে এবং গড়ে উঠবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!