বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেহেদী (৩৫) ও শহীদ (৪৫) নামে দুজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের আধিপত্য ও দখলকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই মঙ্গলবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে প্রতিপক্ষের হামলায় মেহেদী ও শহীদ গুরুতর আহত হন।
সংঘর্ষের পরপরই আতঙ্কের সৃষ্টি হয় এবং একটি গ্রুপের সদস্যদের ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে অস্ত্র হাতে শহরের বিভিন্ন এলাকায় শোডাউন/মহড়া দিতে দেখা যায়।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। ঘটনায় দুজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে বলে তিনি জানান।
কালের সমাজ/কে.পি

