ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, আহত ১

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | অক্টোবর ১৪, ২০২৬, ০৯:৫২ পিএম নগরকান্দায় চায়ের দোকানে  অতর্কিত হামলা, আহত ১

ফরিদপুরের নগরকান্দায় রসুলপুর বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা বাবলু মাতুব্বর (৫০) নামের এক ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল ফকির, তার ছেলে মুন্নু ফকিরসহ ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত বাবলু মাতুব্বর বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রসুলপুর বাজারে সোনা মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত বাবলু মাতুব্বর উপজেলার তালমা ইউনিয়নের পিপরুল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ফখরুদ্দিন মাতুব্বর। স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় বাবলু মাতুব্বর রসুলপুর বাজারে সোনা মিয়ার চায়ের দোকানে বসে ছিলেন। 

এ সময় দুলাল ফকিরের হুকুমে তাঁর ছেলে মুন্নু ফকিরসহ ২০ থেকে ২৫ জন সেখানে এসে বাবলুর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে মারধর এবং কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, দুলাল ফকির এর আগে হুমকি দিয়েছিলেন। হামলায় মুন্নু ফকির, দেলো ফকির, কুদ্দুস ফকির, সাজাহান মুন্সি, ফারুক মাতুব্বর, আবু মাতুব্বর, বাবু মাতুব্বর, জিয়া, সাইম শেখ ও আলামিনসহ আরও অনেকে জড়িত ছিলেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত মুন্নু ফকির বিদেশ থেকে বাড়িতে ফেরার পর বিএনপি-সমর্থিত বাবলু মাতুব্বরের ওপর এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার পেছনে রাজনৈতিক বিরোধ ছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 
 

অভিযুক্ত মুন্নু ফকির ও তাঁর সহযোগীরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে। এ ঘটনায় পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!