সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সৌদি আরবের জেদ্দা, পবিত্র মক্কা নগরী ও তাইফে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সতর্কবার্তা দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা ও সংঘাতের মধ্যে প্রথমবারের মতো পবিত্র মক্কা নগরীতেও এ ধরনের সতর্কতা জারি করা হলো। সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, জাতীয় জরুরি আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব বার্তা পাঠানো হয়েছে। তবে কী ধরনের সম্ভাব্য বিপদ সামনে রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
সতর্কবার্তায় আতঙ্কিত না হয়ে কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থান করতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স। যারা বাইরে অবস্থান করছেন, তাদের নিকটবর্তী ভবনে আশ্রয় নিতে অথবা শক্ত কোনো আড়ালের পেছনে অবস্থান করতে বলা হয়েছে।
গাড়িচালকদেরও সতর্ক করা হয়েছে। সতর্কবার্তা পাওয়ার পর সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামাতে বলা হয়েছে। একই সঙ্গে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি সরকারি মাধ্যমের নির্দেশনা অনুসরণ করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই সতর্কতা জারি করা হলো। সৌদি কর্তৃপক্ষের দাবি, গত কয়েক দিনে হুতিরা দেশটির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
কালের সমাজ/কে.পি

