কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় নারী প্রতিনিধিরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চৌফলদন্ডী ইউনিয়নের নারী সমাজের পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
চৌফলদন্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন মহাল এলাকার বাসিন্দা কামরুন নাহার স্থানীয় নারী সমাজের পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আবিরা সোলতানা (বি.কম), কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া বিনতে সালাম, অ্যাডভোকেট শওকত ওসমান, আনসার কমান্ডার নুরুল আমিন, আবদুল মালেক ও তাহসিন সাঈদ।
স্মারকলিপিতে চৌফলদন্ডী ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক গুরুত্ব এবং কক্সবাজার শহরের সঙ্গে এর নিকটবর্তী অবস্থান বিবেচনায় নিয়ে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের আওতাভুক্ত করার দাবি জানানো হয়।
স্থানীয় নারী প্রতিনিধিরা মনে করেন, চৌফলদন্ডীকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা, যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কক্সবাজারের পরিকল্পিত নগরায়ন ও সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা চৌফলদন্ডী ইউনিয়নকে প্রস্তাবিত সিটি করপোরেশনের সীমানায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক বিবেচনা কামনা করেন।
কালের সমাজ/কে.পি

