ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি, বান্দরবান | সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৯:৩২ পিএম নাইক্ষ্যংছড়ি সীমান্তে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘুমধুম সীমান্তের জামালের ঘের এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের দিকনির্দেশনায় ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানের একপর্যায়ে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা। পরে সেটি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের দুর্গম এলাকাগুলো ব্যবহার করে একটি চোরাকারবারি চক্র মিয়ানমারের চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশে অবৈধ অস্ত্রসহ বিভিন্ন ধরনের চোরাচালান করে আসছে—এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবারের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

 সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অস্ত্র বা চোরাই পণ্য প্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা বিদেশি পিস্তলটি নিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, বিজিবির পক্ষ থেকে অস্ত্রটি হস্তান্তর করা হলে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অস্ত্রটির উৎস এবং কারা এটি সীমান্ত এলাকায় নিয়ে এসেছে, তা তদন্ত করে দেখা হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!