কক্সবাজারের টেকনাফে নিজ বাড়িতে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৈয়দ করিম নামের এক ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈয়দ করিম দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ক্রীড়াঙ্গনে একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়িতে পানির মোটরের সংযোগ চালু করতে যান সৈয়দ করিম। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার কিংবা মোটরের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দৈংগ্যাকাটা এলাকাসহ স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। স্বজন, বন্ধু ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা জানান, দৈনন্দিন কাজে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সামান্য অসতর্কতাই যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা কেউ কল্পনাও করেননি।
ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, হোয়াইক্যং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কালের সমাজ/কে.পি

