ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘আবরার ফাহাদ হল’ উদ্বোধনসহ ইবির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন উপাচার্য।
সাক্ষাৎকালে অধ্যাপক ড. এ. কে. মতিনুর রহমান তাঁর রচিত কয়েকটি বই প্রধানমন্ত্রীর হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রী বইগুলো গ্রহণ করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের সমাজ/কে.পি

