ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

শুধু সুযোগ-সুবিধা নয়, শিক্ষার্থীদেরও নিজেদের যোগ্য করে তুলতে হবে: ইবি উপাচার্য

ইবি | সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৮:০৩ পিএম শুধু সুযোগ-সুবিধা নয়, শিক্ষার্থীদেরও নিজেদের যোগ্য করে তুলতে হবে: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান বলেছেন, শুধু বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা বাড়ালেই ক্যারিয়ার গঠন সম্ভব নয়; শিক্ষার্থীদেরও নিজেদের সময় ও জীবনযাপন সুশৃঙ্খল করতে হবে। মনোযোগ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাকরি ও ক্যারিয়ারসংক্রান্ত প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে ‘জব কর্নার’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে। নিজেদের দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা ব্যক্তি, পরিবার, বিশ্ববিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ভালো কোনো উদ্যোগের সম্প্রসারণে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্পণ্য থাকবে না। ভাইস চ্যান্সেলর বলেন, জব কর্নারের পরিসর বৃদ্ধি এবং ইন্টারনেটের গতি ও সুবিধা বাড়ানোর দাবি যৌক্তিক। এসব বিষয়ে প্রশাসন ইতিবাচকভাবে কাজ করছে। খুব দ্রুত জব কর্নারের পরিসর আরও বাড়ানো হবে এবং ইন্টারনেট সুবিধার ঘাটতিও দূর করার উদ্যোগ নেওয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভাইস চ্যান্সেলর। তিনি বলেন, ৪৪তম থেকে ৫০তম বিসিএস পর্যন্ত মৌখিক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক সাফল্য প্রত্যাশা করেছিলেন।

 কিন্তু প্রত্যাশিত ফল না পাওয়ায় বিষয়টি দুঃখজনক। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ভালো করলেও এ ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান আশানুরূপ নয় ভাইস চ্যান্সেলর বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অতীত রয়েছে। একসময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে প্রতিবছর প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে নিজেদের অবস্থান তৈরি করতেন। তবে দীর্ঘদিন ধরে এ ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়েছে। এর কারণ চিহ্নিত করে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় তার পুরোনো গৌরবময় অবস্থানে ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় শিক্ষার্থীদের লাইব্রেরি রাত ৮টা পর্যন্ত খোলা রাখার দাবির বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন ভাইস চ্যান্সেলর। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে লাইব্রেরির সময়সীমা বাড়ানোর বিষয়টি প্রশাসন বিবেচনা করবে। তবে লাইব্রেরির শিক্ষাবান্ধব পরিবেশ ও মূল উদ্দেশ্য যেন বজায় থাকে, সেদিকেও গুরুত্ব দিতে হবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ। এছাড়া ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, চাকরির প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!