ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

নবীনগরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

নবীনগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৮:০৭ পিএম নবীনগরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর ইউনিয়নের তালতলা মধ্যপাড়ায় গতকাল (৭/৯/২৬) সন্ধ্যায় সাপের কামড়ে উজ্জ্বল মিয়া (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত উজ্জ্বল মিয়া তালতলা মধ্যপাড়ার মৃত এহসান মিয়ার ছেলে। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অ্যান্টিভেনম ভ্যাকসিন থাকা সত্ত্বেও তা পুশ না করে রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে ভৈরব এলাকায় অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়- সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে উজ্জ্বলকে বিষধর সাপ কামড় দেয়। দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্বজনরা চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন ক্রয় করে আনেন।

 স্বজনদের দাবি চিকিৎসকেরা সব ইনজেকশন প্রয়োগ না করে দ্রুত তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়। ছেলের অকালমৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে নিহতের মা আম্বিয়া বেগম চিকিৎসার অবহেলার অভিযোগ তোলেন তিনি। স্থানীয় একাধিক বাসিন্দার দাবি উপজেলা হাসপাতালে পর্যাপ্ত সরকারি অ্যান্টিভেনম থাকলেও তা প্রয়োগ করা হয়নি। তবে অবহেলার অভিযোগ অস্বীকার করে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মোসলিমা সাঈদিয়া জানান-"রোগী আসার পর রক্ত জমাট বাঁধার ২০ মিনিটের পরীক্ষা (20WBCT) করা হয়, যেখানে রক্ত স্বাভাবিক ছিল এবং বিষক্রিয়ার প্রত্যক্ষ কোনো লক্ষণ পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, শরীরে স্পষ্ট লক্ষণ ছাড়া অ্যান্টিভেনম দিলে মারাত্মক শকে যাওয়ার ঝুঁকি থাকে, যা সামলানোর মতো আইসিইউ সুবিধা উপজেলা হাসপাতালে নেই। ফলে ঝুঁকি এড়াতেই তাঁকে জেলা সদরে পাঠানো হয়েছিল।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!