কক্সবাজারের পেকুয়ায় চায়ের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা চালানোর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির উদ্দিন নামে আরও এক কথিত মাদক কারবারি কৌশলে পালিয়ে গেছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। আটকরা হলেন—টইটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজির ঘোনা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে ও ধনিয়াকাটা স্টেশনের ব্যবসায়ী সালাহ উদ্দিন এবং একই এলাকার রফিক তাহেরীর ছেলে ও স্টেশনের ব্যবসায়ী জয়নাল আবেদীন।
পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে জহির উদ্দিন নামে আরও একজন কৌশলে পালিয়ে যান। তিনি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং ধনিয়াকাটা স্টেশনের একজন চায়ের দোকানি বলে জানা গেছে। পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ধনিয়াকাটা স্টেশনের তিনটি দোকানে অভিযান চালায়। এ সময় সালাহ উদ্দিন ও জয়নাল আবেদীনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১০২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আটক সালাহ উদ্দিনের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ও ২৫ হাজার ৭৮০ টাকা এবং জয়নাল আবেদীনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা ধনিয়াকাটা স্টেশনে ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে তথ্য রয়েছে। তারা পুলিশের নজরদারিতে ছিলেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
কালের সমাজ/কে.পি

