চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
আহত সেনা কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করেন তারেক রহমান। একই সঙ্গে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিকিৎসকদের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের সময় আহত কর্মকর্তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রয়োজনীয় সান্ত্বনা দেন তিনি।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারীতে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মধ্যে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন।
পরে আহত কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে ঢাকার সিএমএইচে এনে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহত দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
কালের সমাজ/কে.পি

