কক্সবাজারের রামুতে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমেদ হাসনাইন জুহেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এদিকে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার রামু উপজেলা গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রসূতিকে স্বাভাবিক (নরমাল) প্রসবের কথা বলে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হয়। পরে প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা না দেওয়ায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু ঘটে।
বক্তারা এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কালের সমাজ/কে.পি

