ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নগরকান্দায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে অসহায় সাথী

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | অক্টোবর ২৫, ২০২৬, ০৬:১২ পিএম নগরকান্দায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে অসহায় সাথী

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলেছেন সাথী আক্তার নামে দুই সন্তানের এক মা। সংসারে শান্তি না থাকায় বর্তমানে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আশ্রয় নিয়েছেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী সাথী আক্তারের স্বামী সোহাগ মোল্লা নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জাহাঙ্গীর মোল্লা। সাথী আক্তারের ভাষ্য অনুযায়ী, তাঁদের দাম্পত্য জীবনের প্রায় ১০ বছর পার হলেও সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। তাঁর অভিযোগ, স্বামী নেশায় আসক্ত এবং স্ত্রী-সন্তানের খোঁজখবর ও ভরণপোষণের বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করেন না। এমনকি বিভিন্ন সময় তুচ্ছ বিষয় নিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সাথী আক্তার জানান, সংসারে নির্যাতন ও অশান্তির কারণে তিনি এর আগে একাধিকবার নগরকান্দা থানায় এবং ডাঙ্গী ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছেন। অভিযোগের পর স্থানীয় লোকজনের উদ্যোগে সালিশ-মীমাংসার মাধ্যমে তাঁকে স্বামীর বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তাঁর দাবি, ফিরে যাওয়ার পর আবারও নির্যাতন ও অশান্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন সাথী আক্তার। তাঁর দাবি, দীর্ঘদিনের পারিবারিক সংকট ও নির্যাতনের অভিযোগের কারণে তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন তিনি।

সাথী আক্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিজের ও সন্তানদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেছেন। অভিযোগের বিষয়ে স্বামী সোহাগ মোল্লা মুঠো ফোনে বলেন আমার প্রতি  স্ত্রীর অভিযোগ মিথ্যে।

কালের সমাজ/কে.পি

Link copied!