ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজমেরী রহমানকে সভাপতি এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোছাঃ হিতোয়ারা খাতুন ও সাহারা আক্তার সিঁথি, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বর্ষা, দপ্তর সম্পাদক তাহিয়া সুলতানা নাদিয়া এবং সহ-দপ্তর সম্পাদক মুক্তা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া অর্থ সম্পাদক সমি আক্তার, সহ-অর্থ সম্পাদক জিন্নাত আলভী, প্রচার সম্পাদক হুমায়রা আছিয়া প্রীতি এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে সিনথিয়া সিরাত দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নিশাত নাবিলাহ প্রাপ্তি, ইসরাত জাহান ও হাবিবা আক্তার সিনথিয়া।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন বলেন, ‘বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাদের হলের বিতর্কচর্চাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করাই হবে আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় হল ডিবেটিং সোসাইটির এই নতুন যাত্রা আরও দূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।’
সভাপতি আজমেরী রহমান বলেন, ‘উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। হল ডিবেটিং সোসাইটিগুলো বিতর্ক অঙ্গনে যোগ্য ও দক্ষ বিতার্কিক তৈরির ভিত্তি হিসেবে কাজ করে। দায়িত্বশীল হিসেবে নিয়মিত সেশন ও বিভিন্ন বিতর্ক কার্যক্রমের মাধ্যমে হলে ভালো বিতার্কিক তৈরির চেষ্টা করব, যাতে তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে দক্ষ বিতার্কিক হিসেবে নিজেদের পরিচিত করতে পারে। একই সঙ্গে হলের বিতর্কচর্চার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমাদের এই পথচলায় পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’
কালের সমাজ/কে.পি

