মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পের পরিত্যক্ত ও খালি জায়গায় বিরল প্রজাতির বুদ্ধ নারিকেল গাছের চারা সহ দেশীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (SWAN)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণে আমলকি, বহেরা, হরতকি, শিমুল, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির চারা রোপণ করা হয়। পাশাপাশি বিরল প্রজাতির বুদ্ধ নারকেল গাছের চারাও লাগানো হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান শাওন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক।
এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও SWAN-এর সহ-সভাপতি আহমেদুজ্জামান আলম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও SWAN-এর সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমদ, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা বেগমসহ সংগঠনটির মৌলভীবাজার ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, লাউয়াছড়া বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং দেশীয় বৃক্ষপ্রজাতির সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বন ও প্রকৃতি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
চারা রোপণের স্থানটি শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশে হওয়ায় গরু-ছাগলসহ গবাদিপশুর হাত থেকে চারাগুলো রক্ষায়ও ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি চারার পাশে বাঁশের খুঁটি স্থাপন করে নেট দিয়ে গোলাকার বেড়া দেওয়া হয়েছে। এতে চারাগুলো নিরাপদে বেড়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
কালের সমাজ/কে.পি

