ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

শাহবাগ ফুটপাতের গোলাপী বেগমকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৪:৫২ পিএম শাহবাগ ফুটপাতের গোলাপী বেগমকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামের গোলাপি বেগমেকে আজ (১৮/৯/২৬) দুপুরে আনুষ্ঠানিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নতুন বাড়ি নির্মাণ করে হস্তান্তর করেন।
২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী নবীনগরের গোলাপি বেগমের অসহায় জীবন যাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর গোলাপি বেগমের চিকিৎসার পাশাপাশি ঢাকায় থাকার জন্য বাসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তাঁর স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন রতনপুরে একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ (১৮/৯/২৬) দুপুরে আনুষ্ঠানিক ভাবে তাঁর নিকট বাড়িটি হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।


এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা।


উপস্থিত নেতৃবৃন্দ বলেন-"সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
 

Link copied!