ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৪:২৯ পিএম সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

এই অঞ্চলের দেশগুলোর ও জনগণের সামষ্টিক কল্যাণ এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের কাছে এ সমর্থন কামনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট নেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পক্ষ থেকে সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চাওয়া হয়।

শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এ সময় দুই মন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

আলোচনায় ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) প্রকল্পে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর মাধ্যমে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান দুই মন্ত্রী।

তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত দক্ষিণ এশিয়া গড়ার স্বপ্নের কথাও স্মরণ করেন। একই সঙ্গে এ অঞ্চলের দেশ ও জনগণের সামষ্টিক কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সমর্থন কামনা করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভুটানের প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে তিনি জার্মানির উদ্দেশে ঢাকার ত্যাগ করেন।

কালের সমাজ/কে.পি

 

Link copied!