আগামী বছরের ৬ জুনের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য সময়সূচির কারণে ইউপি নির্বাচনের সম্ভাব্য পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। প্রয়োজনে ভোটের ধাপও কমিয়ে আনা হতে পারে। তবে আগামী বছরের ৬ জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের সময় পরীক্ষার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখা হবে, যাতে ভোটের কারণে কোনো পরীক্ষার কার্যক্রমে বিঘ্ন না ঘটে। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে তুলনামূলকভাবে সময় পাওয়া যেতে পারে, তবে ওই সময়ে রমজান মাস থাকছে।
ইসি সানাউল্লাহ জানান, ভোটের সময়সূচি নিয়ে নির্বাচন কমিশন আরও কয়েক দফা আলোচনা করবে। আন্তঃমন্ত্রণালয় সভায় নির্বাচনের তারিখ চূড়ান্ত করা সম্ভব হয়নি। কমিশনের সভায় আলোচনা শেষে ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
যত দ্রুত সম্ভব নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে বলেও জানান তিনি।
কালের সমাজ/কে.পি

