ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এসআরবি’

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০১:১৩ পিএম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এসআরবি’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির পর নতুন আইনি কাঠামোর অধীন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। নতুন এই বাহিনীর সব ধরনের অভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবীব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি সদর দপ্তরে উপস্থিত কর্মকর্তা-সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশের বিভিন্ন স্থানে থাকা ব্যাটালিয়নগুলোর সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এই বাহিনীর শুভ যাত্রা ঘোষণা করেন।

এসআরবি মহাপরিচালক জানান, পরিবর্তিত আইনের আলোকেই বাহিনীর কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে এসআরবির নতুন লোগো, পতাকা ও পোশাক তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে, যা সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাহিনীর প্রতিটি সদস্য সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর সরকারি গেজেট প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। র‌্যাবের অফিসিয়াল ফেসবুক পেজের নাম পরিবর্তন করে ‘এসআরবি’ করা হয়েছে এবং সেখানে নতুন লোগো যুক্ত করা হয়েছে। একই সঙ্গে আগের লোগো থেকে ‘RAB’ পরিবর্তন করে ‘SRB’ প্রতিস্থাপন করা হয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!