ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব বিপদে পড়তেই ট্রাম্পের মুখে যুদ্ধ শেষের সুর!

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০২:২০ পিএম সৌদি আরব বিপদে পড়তেই ট্রাম্পের মুখে যুদ্ধ শেষের সুর!

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাত মাস ধরে চলা যুদ্ধ নতুন এক রক্তক্ষয়ী মোড়ে এসে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে রকেট ও ড্রোন হামলা এবং জবাবে সৌদি বিমান বাহিনীর ইয়েমেনে নির্বিচারে বোমাবর্ষণে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

লোহিত সাগরের তীর ঘেঁষে ইরান-সমর্থিত হুথিদের দ্রুত অগ্রগতি এবং সৌদি আরবের ‍‍`ইস্ট-ওয়েস্ট‍‍` তেল পাইপলাইনে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। পরিস্থিতি বেগতিক দেখে যুক্তরাষ্ট্র সৌদি আরবে তাদের কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা আরও কঠোর করেছে এবং ইয়েমেন সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যে সরকারি কর্মকর্তাদের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করেছে।

সংঘাতের পরিধি দ্রুত বাড়লেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন তিনি আশা করছেন এই যুদ্ধ শেষের কাছাকাছি চলে এসেছে। ট্রাম্প দাবি করেছেন, তেহরান চুক্তি করতে ইচ্ছুক এবং তিনি সরাসরি ইরানের কাছ থেকে বার্তা পেয়েছেন, যদিও বিস্তারিত আর কিছুই তিনি ভেঙে বলেননি। এর আগেও একাধিকবার যুদ্ধের সময়সীমা ও লক্ষ্য নিয়ে নানা বক্তব্য দিয়েছেন ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই এই যুদ্ধের সূত্রপাত, যার জবাবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাটিতে পাল্টা আক্রমণ চালিয়েছিল।

ইয়েমেনে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের ঘাটতি আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব পড়েছে, কারণ সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির ২০ শতাংশই এই পথ দিয়ে পরিবাহিত হতো। তদুপরি, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছেন বাজার বিশেষজ্ঞরা।

ফলে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০৮ ডলারে গিয়ে ঠেকেছে এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের খুচরা মূল্য ইতিহাসের সর্বোচ্চ লিটারপ্রতি সাড়ে ছয় ডলার ছাড়িয়ে গেছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য বড় এক রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প আগামী মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির অন্তর্ভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বলে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানা গেছে।

এদিকে হুথি বাহিনী বুধবার নতুন ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে তারা সৌদি-সমর্থিত বাহিনীর সামরিক যানবাহন দখল করেছে এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল বন্দর ইয়ানবু ও খামিস মুশাইতের বিমানঘাঁটিতে তাজা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

জবাবে চলতি সপ্তাহেই ইয়েমেনে ৪৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধ বেশ কয়েক বছর ধরে অস্ত্রবিরতির কারণে শান্ত থাকলেও গত জুলাইয়ে হুথিরা সৌদির বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর তা নতুন করে অগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। তথ্যসূত্র: রয়টার্স

কালের সমাজ/এসআর

Link copied!