ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সেবার মান বাড়াতে চালু করা হয়েছে নতুন অ্যাপস `ভূমি দৃষ্টি`। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল তদারকি ব্যবস্থার উদ্বোধন করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত ড্যাশবোর্ডভিত্তিক নজরদারির মাধ্যমে প্রশাসনিক জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমিসেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তোলা সম্ভব হবে।
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আপাতত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম-এই ছয়টি জেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) অ্যাপটির কার্যক্রম শুরু করা হয়েছে। এই জেলাগুলোতে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে দেশের বাকি সব জেলাতেও এই অনলাইন উপস্থিতি ও নজরদারি কার্যক্রম সম্প্রসারিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল এই তদারকি ব্যবস্থার ফলে ভূমিসেবা প্রদানে গতি আসার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহি বহুগুণ বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের দ্রুত সেবাপ্রাপ্তি নিশ্চিত করবে।
কালের সমাজ/এসআর

