ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার অবিস্মরণীয় রেকর্ড গড়লেন পাকিস্তানের তরুণ ওপেনার মাজ সাদাকাত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অ্যান্টিগার কেনসিংটন ওভালে এলিমিনেটর ম্যাচে তার তাণ্ডবে বার্বাডোস ট্রাইডেন্টসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সিপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার নিশ্চিত করেছে জ্যামাইকা কিংসম্যান।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জ্যামাইকার আন্দ্রে রাসেল, হাসান খান ও হুনাইন শাহদের বোলিং তোপে মাত্র ৩০ রানেই ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে বার্বাডোস ট্রিডেন্স। তবে ষষ্ঠ উইকেটে কুইন্টন ডি কক (৭১) ও অধিনায়ক ক্রিস গ্রিনের (অপরাজিত ৫৭) রেকর্ড ১১৪ রানের জুটিতে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানের পুঁজি পায় তারা। জ্যামাইকার পক্ষে রাসেল ২টি উইকেট নেন।
১৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিলেন সাদাকাত। প্রথম বলে ছক্কা হাঁকানোর পর গ্লাভসে আঘাত পেলেও দমে যাননি এই বাঁহাতি ব্যাটার। ১৬ ব্যক্তিগত রানে তাকে জীবন দেন রিভালদো ক্লার্ক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাদাকাতকে, প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। এএম গজনফরের এক ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন।
পাওয়ারপ্লের ৬ ওভারে জ্যামাইকার সংগ্রহ দাঁড়ায় ৭৯ রান, যার মধ্যে একাই ৬৫ রান করেন সাদাকাত। তার তাণ্ডবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের কাছে রাখে কিংসম্যান। দশম ওভারেই দলীয় শতরান পূর্ণ করে ফেলেন তারা। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৪৪ বলেই সেঞ্চুরি তুলে নেন সাদাকাত। ২১ বছর ১২৪ দিন বয়সে সিপিএলে সেঞ্চুরি হাঁকিয়ে ভেঙে দেন শিমরন হেটমায়ারের ২১ বছর ২৩৫ দিনে সেঞ্চুরির রেকর্ড।
শেষ পর্যন্ত ১৪তম ওভারে ড্যানিয়েল স্যামসের শিকার হয়ে সাজঘরে ফেরেন সাদাকাত। আউট হওয়ার আগে ৫৩ বলে ৯ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১১২ রানের মারকুটে ইনিংস খেলেন। অন্যপ্রান্তে আরেক ওপেনার কার্ক ম্যাকেঞ্জি ৩৪ বলে ২২ ও আরেক পাকিস্তানি সাইম আইয়ুব ২ বলে ৩ রানে অপরাজিত থাকলে মাত্র ১৪.১ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যামাইকা।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার সকাল ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে পা রাখবে, আর পরাজিত দলের বিপক্ষে শনিবার ভোর ৫টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে জ্যামাইকা কিংসম্যান। এরপর ২১ সেপ্টেম্বর মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
কালের সমাজ/এসআর

