ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৭:৩৭ পিএম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অপর একজনের বাড়ি রংপুর বিভাগে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ২৫২ জন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশালে ২১১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, চট্টগ্রাম বিভাগে ১৯২, ঢাকা বিভাগে ১৯০, রাজশাহীতে ১০২, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫ এবং সিলেটে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আগস্টে প্রাণ হারান ৪৩ জন। তবে সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনেই এ রোগে ৭৯ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুর হিসাব বিশ্লেষণে দেখা যায়, মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঢাকা বিভাগে। ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ এ অঞ্চলে ডেঙ্গুতে মারা গেছেন ৮৪ জন।

এর বাইরে খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে আট, রংপুরে চার এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!