পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে পোরশায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি অভিযানিক দল পোরশা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে,৬ সরাইগাছি-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে অভিযানিক দল সেখানে পৌঁছালে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পরিচয় দেয়—মো. সৈয়বুর (২৬), পিতা- আক্তারুল, সাং- মনোহরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ; আব্দুল্লাহ ওরফে পলাশ (২২), পিতা- তোহুরুল, সাং- মনোহরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং দেলোয়ার (২২), পিতা- ফাইজ৬ উদ্দিন, গ্রাম- তারাপুর পোড়াপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
পরে স্থানীয়ভাবে উপস্থিত লোকজনের সামনে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করা হয়। এ সময় খাকি রঙের কচটেপ দিয়ে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলায় ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সবমিলিয়ে পাঁচটি পোটলায় মোট ১০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিযোগে গাঁজা নিয়ে এসে মজিদের আমবাগানের সামনে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। পুলিশ জানায়, গ্রেফতার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মক তৎপরতা অব্যাহত রেখেছে।
কালের সমাজ/কে.পি

