হঠাৎ ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে জলমগ্ন হয়ে পড়েছে ফটিকছড়ির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বুধবার বিকেলে কয়েক দফা বৃষ্টির পর দাঁতমারা, বাগানবাজার, হেঁয়াকোসহ আশপাশের বিভিন্ন এলাকায় দ্রুত পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও কোথাও সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন ও পথচারী চলাচলে দেখা দেয় চরম ভোগান্তি। স্থানীয়দের ভাষ্য, অল্প সময়ের মধ্যেই বৃষ্টির পানি নিচু এলাকা, সড়ক, বসতবাড়ির আঙিনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে ঢুকে পড়ে। পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে আসায় উত্তর ফটিকছড়ির নিম্নাঞ্চলে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। হেঁয়াকো ও বাগানবাজারের বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতায় স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব পড়ে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ভারী বৃষ্টির সময় এসব এলাকায় পানি দ্রুত জমে যাওয়ার পেছনে অপর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা, খাল-ছড়া ও নালা ভরাট হয়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে পানি চলাচলের পথ সংকুচিত হওয়ার বিষয়টি দীর্ঘদিনের।
তাদের দাবি, প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতা দেখা দিলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পানি নিষ্কাশনের পথগুলো চিহ্নিত করে খাল-ছড়া ও নালা পরিষ্কার এবং পানি চলাচলের প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “আমরা এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কালের সমাজ/কে.পি

