ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। একজন শিক্ষক যদি বেতন-ভাতাকে পেশাগত জীবনের প্রধান বিবেচনা করেন, তাহলে তার মাধ্যমে দক্ষ, নৈতিক ও কর্মমুখী নাগরিক গড়ে তোলা কঠিন। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) আয়োজিত বিএড, এমএড ও বিএমএড অরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, পৃথিবীর বহু মনীষী ও জ্ঞানী মানুষ কোনো বস্তুগত স্বার্থের বিনিময়ে নয়, বরং সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের অবদান রেখে গেছেন। তাঁদের নিঃস্বার্থ অবদানের ধারাবাহিকতাতেই আজকের সভ্য সমাজ গড়ে উঠেছে। তাই শিক্ষকতাকে ভালোবাসা, দায়িত্ববোধ ও নিবেদিতপ্রাণ মানসিকতা নিয়ে গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় অসদুপায় পরিহার এবং অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করা একজন আদর্শ শিক্ষকের মৌলিক দায়িত্ব। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা নয়; বরং অল্পসংখ্যক শিক্ষার্থীকেও যথাযথভাবে প্রশিক্ষিত করে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমি সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মানকে বেশি গুরুত্ব দিতে চাই।
অনুষ্ঠানে জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের মাধ্যমে শিক্ষকতা ও শিক্ষা-সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।
অরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাক্রম, একাডেমিক কার্যক্রম, শিক্ষা পরিবেশ ও ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব, নিয়ম-কানুন ও একাডেমিক অগ্রগতি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী। অনুষ্ঠানে ইনস্টিটিউটের অধীনে পরিচালিত বিএড, এমএড ও বিএমএড প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নেন।
কালের সমাজ/কে.পি

