ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

এডিস মশা প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৭:৫২ পিএম এডিস মশা প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইবি শাখা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, চত্বর ও ভবনের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী। এ ছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় একটি অনন্য ও সবুজ-শ্যামল ক্যাম্পাস। এই সবুজ পরিবেশ রক্ষায় আমরা ইতোমধ্যে প্রায় ১ হাজার ৫০০ বৃক্ষরোপণ করেছি। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়েছি। আজকের এই কর্মসূচির মাধ্যমে যে যাত্রার সূচনা হলো, তা যেন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের দৈনন্দিন জীবনেও পরিচ্ছন্নতার এই অনুশীলন বজায় রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সচেতন হলে এবং ক্যাম্পাস পরিষ্কার রাখলে শিক্ষার্থীরা ডেঙ্গুসহ নানা সংক্রামক ব্যাধি থেকে নিরাপদ থাকবে। ডেঙ্গু প্রতিরোধে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশা মূলত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে ও লার্ভা তৈরি করে। তাই হল, বিভাগ, আবাসিক এলাকা ও অফিস কক্ষে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

উপাচার্য বলেন, ‘এডিস মশা প্রধানত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারসহ প্রয়োজনীয় সচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে। কেবল পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সব স্টেকহোল্ডারকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে এগিয়ে আসতে হবে।’

কালের সমাজ/কে.পি
 

Link copied!