দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে আটজন এবং ডেঙ্গুতে সাতজন মারা গেছেন। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৩২০ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৯৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে ১ হাজার ১৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত সাতজনের মধ্যে তিনজন খুলনা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৩৯৪ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৩৪৯, বরিশালে ১৮৬, চট্টগ্রামে ১৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৫৩ এবং সিলেটে নয়জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে মারা যান ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৪ জনের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৩ জন। এ সময়ে মৃত ১৭১ জনের মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৮০ জন, খুলনায় ৩২, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে আট, রংপুরে তিন এবং সিলেটে একজন মারা গেছেন।
কালের সমাজ/কে.পি

