ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সনদবিহীন ফিরোজ ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক ও দন্ত চিকিৎসক ফিরোজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সনদবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ফিরোজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানে বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসক নিয়োগ না করলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে। এ সময় পর্যন্ত ফিরোজ ডেন্টাল কেয়ারে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্ত ও কালীগঞ্জ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ‘এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।’
কালের সমাজ/কে.পি

