জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রায় ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প ২০৩১ সালে চালুর পরিকল্পনা করেছে সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
এদিন একই বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি মেট্রোরেল প্রকল্পও অনুমোদন পেয়েছে। এগুলো হলো— এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি)।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে।
কালের সমাজ/কে.পি

