ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে খেলাকে কেন্দ্র করে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের খেলোয়াড় ও শিক্ষার্থীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. আলিফ খান, আলিফ রাহাত, ইয়াসিন আরাফাত, তোফাজ্জল চৌধুরী, সিয়াম খন্দকার এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবু রায়হান রয়েছেন। অন্যদিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সোহাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষের হিমেল এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের হুমায়ূন কবির আহত হয়েছেন। তাদের মধ্যে হুমায়ূন কবির গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ম্যাচের শেষ সময়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ১-০ গোলে এগিয়ে ছিল। একপর্যায়ে বল মাঠের বাইরে চলে গেলে তা ফেরত দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দর্শক সারি থেকে কটূক্তির অভিযোগ ওঠে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা দুই বিভাগের খেলোয়াড় ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থী ও দর্শকরা লাঠি, বাঁশ ও গাছের ডাল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. বদিউজ্জামান বলেন, “খেলাধুলার সময় মারামারিতে আহত কয়েকজন আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবার অবস্থা মোটামুটি ভালো। বড় ধরনের কোনো ইনজুরি হয়নি।
কালের সমাজ/কে.পি

