ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসেও বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৪:৫১ পিএম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসেও বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর ‘জনগণের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক বহিঃপ্রকাশ’ বলে মনে করেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর এ উপদেষ্টার মতে, এ সফর বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা। একই সঙ্গে পৃথিবীর ইতিহাসেও একটি বিশেষ মুহূর্ত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহদী আমিন এসব কথা বলেন।

পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘স্বল্পতম বহর। স্বল্পতম সফর। নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে যেতে এক দিন, ফিরতে এক দিন। মাঝের মাত্র চার দিন। এক মুহূর্তও নষ্ট না করে, এই চার দিনেই একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থে কূটনৈতিক ব্যস্ততা।’


তিনি জানান, সবমিলিয়ে ছয় দিনের সফর। আনুষ্ঠানিক সফরসঙ্গী ৩৫ জন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী ১৫ জন। রয়েছেন নিরাপত্তা, মিডিয়া ও ব্যক্তিগত দায়িত্ব পালনে নিয়োজিত অত্যাবশ্যকীয় ব্যক্তিরা।
সফরের ধরন তুলে ধরে প্রধামন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আড়ম্বর অনুষ্ঠান নয়; মানুষের জন্য কাজ। ক্ষমতা প্রদর্শন নয়; বাংলাদেশের স্বার্থ রক্ষা। এই সফর একই সঙ্গে পৃথিবীর ইতিহাসেও একটি বিশেষ মুহূর্ত।’

মাহদী আমিনের মতে, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সন্তান, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়াবেন জাতিসংঘের বিশ্বমঞ্চে। একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তিনি বলবেন বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা।’

প্রধানমন্ত্রীর এ সফরের আরেকটি বিশেষ দিক তুলে ধরে তার উপদেষ্টা বলেন, ‘আরও একটি অনন্য দিক রয়েছে। প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, ঠিক সেই জাতিসংঘ অধিবেশনের সভাপতির আসনে থাকবেন তারই সরকারের পররাষ্ট্রমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ দুই দশকের অনিঃশেষ ত্যাগ-সংগ্রাম ও আন্দোলন-গণঅভ্যুত্থান পেরিয়ে, গণতান্ত্রিক সরকার আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। বিপুল ম্যান্ডেট নিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কণ্ঠ নিয়ে যাচ্ছেন বিশ্বের দরবারে।’

মাহদী আমিনের মতে, ‘এটি শুধু একটি বিদেশ সফর নয়। এটি শুধু জাতিসংঘে দেশকে তুলে ধরা নয়। এটি জনগণের আকাঙ্ক্ষার আন্তর্জাতিক বহিঃপ্রকাশ। এটি আবেগ, অনুভূতি ও আদর্শের ঐতিহ্য। এটি বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা।’

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার বিকেলে তার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!