ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
একরামের হত্যা

সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্তান হত্যার বিচার চাইলো পরিবার

শেফাইল উদ্দিন, কক্সবাজার | সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:৫৫ পিএম সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্তান হত্যার বিচার চাইলো পরিবার

কক্সবাজার শহরের সিটি কলেজ গেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত একরামের হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বাবা-মা। সন্তান হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের কার্যালয়ে গিয়ে নিহত একরামের বাবা-মা, ভাইসহ পরিবারের সদস্যরা এ দাবি জানান।

সাক্ষাৎকালে পরিবারের সদস্যরা একরাম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের সিটি কলেজ গেট এলাকায় গুলিবিদ্ধ হন একরাম। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পিতা জালাল আহম্মদ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত একরাম পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

একরাম হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, পর্যটন নগরী কক্সবাজারে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে। বিশেষ করে মাদক নির্মূলের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কালের সমাজ/এসআর

Link copied!