ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: শিক্ষামন্ত্রী

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৮:৫৬ পিএম সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: শিক্ষামন্ত্রী

সমাজ থেকে মাদকের সমস্যা নির্মূল করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা : কুমিল্লা কনসেপ্ট’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, ‘মাদক সমাজ ও তরুণ প্রজন্মের মধ্যে বড় সমস্যা তৈরি করছে। এই সমস্যা দূর করতে শিক্ষাকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদকের সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে।’

এ লক্ষ্যে প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক সমাজকে একযোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।

শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে ড. মিলন বলেন, শিক্ষকরা হচ্ছেন শিক্ষার্থীদের পরম অভিভাবকতুল্য। প্রতিজন শিক্ষককে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো স্নেহে আগলে রেখে মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়।

সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ‘কুমিল্লা কনসেপ্ট’-এর মূল রূপরেখা তুলে ধরেন। যেখানে শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধ চর্চা এবং কর্মমুখী শিক্ষার প্রতি জোর দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!