ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

জাপান-মালয়েশিয়াসহ বিশ্বের চার দেশে ইন্টার্নশিপে যাচ্ছেন বাকৃবির ৩৫ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি | সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৯:৫১ পিএম জাপান-মালয়েশিয়াসহ বিশ্বের চার দেশে ইন্টার্নশিপে যাচ্ছেন বাকৃবির ৩৫ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২৩তম ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ বছর অনুষদের ৩৫ শিক্ষার্থী মালয়েশিয়া-জাপানসহ বিশ্বের ৪টি দেশে ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষদ সূত্রে জানা যায়, এবছর অনুষদের ডিভিএম-৬০তম ব্যাচের ১৭৯ জন শিক্ষার্থী ইন্টর্নশীপে অংশগ্রহণ করছেন। এরমধ্যে বিশ্বের ৪টি দেশে ৩৫ জন শিক্ষার্থী ইন্টার্নশীপে অংশগ্রহণ করছে। দেশগুলোর মধ্যে মালয়েশিয়াতে ১৬ জন, থাইল্যান্ডে ১২ জন, জাপানে ৪ জন এবং নেপালে ৩ জন শিক্ষার্থী ইন্টার্নশীপে অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে ২০১৯-২০ সেশনের ডিভিএম-৫৯ তম ব্যাচের সেরা সিজিপিএ অর্জনকারী আট শিক্ষার্থীকে অ্যকাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- নুরুন লায়লা শাওন, মোছা. সাবরিনা ইয়াসমিন নুপুর, মোছা. ফাহমিদা সুলতানা জোনাকি, আফসানা মিমি, মোছা. আখি আক্তার শিলা, নওরিন জান্নাত, মো. মোরসালিন এবং মোছা. সালমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাকৃবির কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে ইন্টার্নশিপ কার্যক্রম চালু হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ইউজিসি থেকে অর্থায়ন পাওয়া সহজ নয়, তবে আমরা সৌভাগ্যবান এ কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারছি। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) একটি অত্যন্ত সম্মানজনক ও চ্যালেঞ্জিং ডিগ্রি এবং ভেটেরিনারি সায়েন্স অনুষদ বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবময় অনুষদ।

তিনি আরও বলেন, ইন্টার্নশিপে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নেব। আমাদের শিক্ষার্থীরা বিদেশে ইন্টার্নশিপে গিয়ে সাফল্য অর্জন করছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা যেখানে ইন্টার্নশিপ করবে সেখানে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ শিখে আসবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে। কোনো ধরনের অনিয়মে জড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।

কালের সমাজ/এসআর

Link copied!