ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

জীবনযাত্রা সহজ করবে ‘অতিথি অ্যাপস’: এ বি এম মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৯:৫৩ পিএম জীবনযাত্রা সহজ করবে ‘অতিথি অ্যাপস’: এ বি এম মোশারফ হোসেন

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ’-এর ‘অতিথি অ্যাপস’-এর প্রি-লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অ্যাপটিতে নতুন তিনটি সেবা—রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টর (স্বাস্থ্যসেবা)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশারফ হোসেন। তিনি বলেন, ‘স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশীয় আইটি খাতের এমন উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টর সেবার সমন্বয়ে অতিথি অ্যাপস মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও গতিশীল করবে। বিশেষ করে পর্যটন খাতের টেকসই উন্নয়নে এবং দেশজুড়ে আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রধান আলোচকের বক্তব্যে অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রয়োজনকে মাথায় রেখে প্ল্যাটফর্মটি নকশা করা হয়েছে। একই ছাতার নিচে এসব সেবা যুক্ত হওয়ায় সাধারণ মানুষের সময় ও অর্থ—দুটোই সাশ্রয় হবে।’

সভাপতির বক্তব্যে অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মো. আশরাফুর রহমান বলেন, তাঁদের লক্ষ্য শুধু সেবাদান নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের উপদেষ্টা অবসরপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের, অতিথি এভিয়েশন অ্যান্ড ওভারসীস লিমিটেডের পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অপারেশন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এস ফেরদৌস, অতিথি সফটওয়্যার সল্যুশন লিমিটেডের চেয়ারম্যান লায়ন আফিয়া কনক, পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, এভিয়েশন অ্যান্ড ওভারসিসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন আব্দুল হান্নান, পরিচালক লায়ন মো. নূরনবী মৃধা, লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ এবং অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেডের পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া।

অতিথিরা জানান, নিখাদ গ্রাহক সন্তুষ্টির ওপর ভিত্তি করে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টর সেবার এই সংযোজন দেশের ডিজিটাল ইকোসিস্টেমে পরিবর্তন আনবে। শিগগিরই আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই বহুমুখী সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তাঁরা।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাব ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়। এরপর ‘গো ক্রিয়েটিভ’ সেশনে ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

 

কালের সমাজ/ওজি

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!