ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঈশ্বরদীতে একরাতে চার গরু চুরি

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, পাবনা | নভেম্বর ৩, ২০২৬, ০৮:৪২ পিএম ঈশ্বরদীতে একরাতে চার গরু চুরি

পাবনার ঈশ্বরদীতে এক ক্ষুদ্র গরু ব্যবসায়ীর গোয়ালঘর থেকে চারটি এঁড়ে ষাঁড় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার জয়নগর পশ্চিমপাড়া মাদ্রাসা মোড় এলাকার ইসরুল প্রামানিকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে পাঁচ লাখ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে চুরির বিষয়টি প্রথম জানতে পারেন ইসরুল প্রামানিকের ছেলে মহিদুল ইসলাম। সকাল ৬টার দিকে গোয়ালঘরে গিয়ে চারটি গরুর একটিও দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের জানান তিনি। পরে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে চুরি হওয়া চারটি গরুর মধ্যে একটি বাড়িতে লালন-পালন করা হচ্ছিল। বাকি তিনটি গরু কয়েক দিন আগে হাট থেকে কেনা হয়েছিল। ঋণ ও দীর্ঘদিনের কষ্টার্জিত পুঁজি দিয়ে গরুগুলো কিনেছিলেন ইসরুল প্রামানিক।

ইসরুল প্রামানিক পেশায় একজন ক্ষুদ্র গরু ব্যবসায়ী। গরু কেনাবেচা করেই চলে তাঁর সংসার। এক রাতেই ব্যবসার সম্বল চারটি গরু হারিয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা এখন দিশেহারা। নতুন করে ব্যবসা চালু করা তো দূরের কথা, ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

ইসরুল প্রামানিক ও তাঁর ছেলে মহিদুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় ঈশ্বরদী থানাকে অবহিত করবেন তাঁরা। চুরি হওয়া গরুগুলো উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, গরু চুরির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের সমাজ/কে.পি

Link copied!