শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো বাজারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা হেয়াকো বাজারে পৌঁছালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কর্মসূচি জনসমাগমপূর্ণ হয়ে ওঠে। এ সময় বিচার দাবির স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।
‘তেঁতুলিয়া থেকে টেকনাফ, দেশব্যাপী ইনসাফের পদযাত্রা’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা চত্বর ও জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, একজন নাগরিক হত্যার শিকার হওয়ার পরও তাঁর বিচারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে—এটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত দুঃখজনক। সরকারকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শুধু আশ্বাস নয়, শহীদ ওসমান হাদি হত্যার বিচার দৃশ্যমান করতে হবে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নয়; বরং এটি দেশের মানুষের ন্যায়বিচার, অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার দাবি। এসব দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি ঘোষণা দেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে।
স্লোগানে মুখর হেয়াকো বাজার
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কেন্দ্রীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হেয়াকো বাজার এলাকায় কর্মসূচিকে ঘিরে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়। বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারহীনতার অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাবান্ধা থেকে টেকনাফ—মাসব্যাপী ইনসাফের পদযাত্রা
ইনকিলাব মঞ্চের ঘোষিত মাসব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাবান্ধা থেকে শুরু হওয়া এ পদযাত্রা পর্যায়ক্রমে বিভিন্ন জেলা অতিক্রম করে টেকনাফে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের ভাষ্য, শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ জুলাই সনদ বাস্তবায়ন এবং অতীতের আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবিতে দেশব্যাপী জনমত গড়ে তুলতেই এ কর্মসূচি। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা।
কালের সমাজ/কে.পি

