ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য এলিজা জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ। তাঁর ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হন এলিজা জামান।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই উপনির্বাচনে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।

