ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

‎শৈলকুপায় মুদি দোকানের পেছন মিললো চোরাই সার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | নভেম্বর ২, ২০২৬, ০৮:৫৬ পিএম ‎শৈলকুপায় মুদি দোকানের পেছন মিললো চোরাই সার

‎ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসির সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা কৃষি অফিস। পরে উদ্ধার করা সার নিলামের মাধ্যমে বিক্রি করে ৩৭ হাজার ৭৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
‎
‎রোববার (১ নভেম্বর) দুপুর পরে উপজেলার হাকিমপুর গ্রামের রতন লস্করের (৪০) মুদি দোকানের পেছনের একটি কক্ষ থেকে এসব সার উদ্ধার করা হয়। রতন লস্কর ওই গ্রামের আকামত আলীর ছেলে।
‎
‎পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা যায়, শৈলকুপা থানার এসআই নকিব ও উপজেলা কৃষি অফিষ কর্মকর্তারা যৌথভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়।
‎
‎পরবর্তী সময়ে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে উদ্ধার করা সার নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। কৃষি অফিসের নথি অনুযায়ী, নিলামে বিক্রির অর্থ দুটি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি চালানে ২৭ হাজার ২৫০ টাকা এবং অন্যটিতে ১০ হাজার ৫০০ টাকা জমা হয়। সব মিলিয়ে সরকারি কোষাগারে জমা হয়েছে ৩৭ হাজার ৭৫০ টাকা।
‎
‎উপজেলা কৃষি অফিসার আরিফুল ইসলাম জানান, সরকারি সার যেন নির্ধারিত নিয়মে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায় এবং সার বিতরণে কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। সরকারি সম্পদ সুরক্ষা ও কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালের সমাজ/কে.পি

Link copied!