ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মিরপুরে হকারদের বসতে দেওয়া হবে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২, ২০২৬, ০৭:৩৬ পিএম মিরপুরে হকারদের বসতে দেওয়া হবে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক

উচ্ছেদ হওয়া হকারদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য বিকল্প স্থান ও হলিডে মার্কেটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুতই হকারদের বিকল্প জায়গায় বসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার দুপুরে ডিএনসিসি প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় হকার্স ইউনিয়নের প্রতিনিধিরা মিরপুরসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

প্রশাসক বলেন, হকাররা আমাদের অংশ। তাদের জন্য নির্দিষ্ট স্থানে বসার ব্যবস্থা করা হবে। বিশেষ করে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে। দ্রুত তাদের বিকল্প বসার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, হকারদের জন্য হলিডে মার্কেট করার পরিকল্পনা সরকারের রয়েছে। উচ্ছেদ হওয়া হকারদের জন্যও হলিডে মার্কেটের ব্যবস্থা করার চেষ্টা চলছে।

শফিকুল ইসলাম খান বলেন, বিকল্প স্থানে যদি ৩০০ থেকে ৫০০ দোকান বসানোর ব্যবস্থা করা যায়, তাহলে ক্রেতারাও সেখানে যাবেন। এতে কেনাবেচা ভালো হবে।

ফুটপাত থেকে হকার উচ্ছেদের বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা বাধ্য হয়েই ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করেছি। আজকের এই পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকাররা নিজেরাই দায়ী। তারা ফুটপাত ছেড়ে সড়ক পর্যন্ত দখল করে রেখেছিলেন। সেখানে সাধারণ মানুষের হাঁটার কোনো জায়গা ছিল না। মানুষ জানতেই পারতেন না, তাদের জন্য ফুটপাত রয়েছে।

তিনি বলেন, উচ্ছেদ অভিযান চালানোর পর মানুষ বুঝতে পেরেছেন, ফুটপাত তাদের চলাচলের জন্যও রয়েছে। সাধারণ মানুষ এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাই মিরপুর-১০ ও মিরপুর-১ নম্বর এলাকার ফুটপাতে আর হকারদের বসতে দেওয়া হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।

কালের সমাজ/কে.পি

রাজধানী বিভাগের আরো খবর

Link copied!